সিলেটে মসজিদের নামকরণ নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে নিহত ১
Led Bottom Ad

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে নিহত ১

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৪/২০২৬ ০০:০৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জালালাবাদ থানায় মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে আয়োজিত এক সালিশি বৈঠকে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দেলোয়ার হোসেন দিলবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র মো. মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গালংশাহ ও খাসেরগাঁও গ্রামের লোকজনের মধ্যে গত কয়েক দিন ধরে মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজের পর উভয় পক্ষ সালিশ বৈঠকে বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র তর্কবিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন দিলবর গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দ্রুত জালালপুর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, মসজিদের নামকরণ নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয় এবং প্রতিপক্ষের লোকজন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত ১০টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং বর্তমানে গালংশাহ গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad