২৪ ঘণ্টায় শনাক্ত ২
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত শিশুটির বয়স মাত্র পাঁচ মাস ২১ দিন এবং তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায়। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, গত ৬ এপ্রিল প্রচণ্ড জ্বর নিয়ে শিশুটিকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ওসমানী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানেই রাতে তার মৃত্যু হয়।
এদিকে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন রোগীর শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জন ল্যাব কনফার্মড রোগী পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে হাম প্রতিরোধে বিশেষ সতর্কতা ও টিকাদান কার্যক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: