একমাসে সাড়ে ৪ লাখ জ্বালানি তেল উদ্ধার, সোয়া কোটি টাকা জরিমানা
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশজুড়ে পরিচালিত ব্যাপক অভিযানে গত এক মাসে বিশাল পরিমাণ অবৈধ মজুত উদ্ধার করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৬ হাজার ২৪২টি অভিযানে মোট ৪ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ জ্বালানির মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রল রয়েছে। এসব অভিযানে অবৈধ মজুত ও কারসাজির দায়ে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা।
সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, অসাধু চক্রের কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার রোধে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান আরও জোরদার করা হয়েছে। মূলত ডিজেলের অবৈধ মজুতই সবচেয়ে বেশি ধরা পড়েছে, যা কৃষি ও পরিবহন খাতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং এই তদারকি কার্যক্রম নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এই অভিযানগুলোর ফলে বাজার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন নীতিনির্ধারকরা। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সরবরাহ চেইন সুরক্ষিত রাখতে এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এ রহমান
মন্তব্য করুন: