বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল নেপাল
নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে দেশটির বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে। ফলে নেপাল থেকে বাংলাদেশে প্রতিদিন যে বিদ্যুৎ সরবরাহ করা হতো, বর্তমানে তা আর পাওয়া যাচ্ছে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর ক্ষেত্রে অনুমোদন পাওয়া নেপালের দু’টি জলবিদ্যুৎ প্রকল্পও এই দুর্যোগে ক্ষতির মুখে পড়েছে। প্রকল্প দু’টি হলো ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। গত সপ্তাহ থেকে এ দুই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ২৭ আগস্ট দিনের পিকে নেপাল থেকে বাংলাদেশে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। তবে ওইদিন সন্ধ্যার পর আর কোনো বিদ্যুৎ সরবরাহ হয়নি। এরপর থেকে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ রয়েছে।
নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, ভারতের সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যা আঘাত হানার পর দেশটির বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ রপ্তানির ওপরও।
বন্যার আগে বর্ষাকালে নেপাল থেকে গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হচ্ছিল। পরে দেশটির মোট রপ্তানি সক্ষমতা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে আসে।
ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল মাত্র কিছুদিন আগে। তবে ভোটেকোশি নদী এলাকায় বন্যার পর সেই সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন ধরেই নেপাল বিশেষ করে শুষ্ক শীত মৌসুমে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল ছিল। সাম্প্রতিক সময়ে দেশটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: