ওসমানীনগরে হাঁস চুরির দায়ে দুই যুবকের মাথা ন্যাড়া
Led Bottom Ad

ইউপি চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ

ওসমানীনগরে হাঁস চুরির দায়ে দুই যুবকের মাথা ন্যাড়া

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৫/০৪/২০২৬ ২৩:৩০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে হাঁস চুরির অভিযোগে দুই যুবকের মাথা ন্যাড়া করে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বুরুঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য দিপংকর দেব সিবু ও ৩নং ওয়ার্ড সদস্য মো. আতিকুর রহমানকে আটক করে ৫৪ ধারায় আদালতে চালান করেছে পুলিশ; তবে রোববার (৫ এপ্রিল) বিকেলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

জানা গেছে, গত ২ এপ্রিল সন্ধ্যায় নিজ বুরুঙ্গা গ্রামের আকবর হোসেন (২১) ও সাগর (২০) নামের দুই যুবককে হাঁস চুরির অভিযোগে স্থানীয় জনতা আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ও সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে এবং পরবর্তীতে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। এর পরপরই সালিশ বৈঠকে ওই দুই যুবকের মাথা ন্যাড়া করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শনিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যকে আটক করে।

ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান দাবি করেছেন, তারা চোরদের জনতার মারধর থেকে রক্ষা করে জিম্মায় ছেড়ে দিয়েছিলেন এবং পরিষদের বাইরে কে বা কারা তাদের মাথা ন্যাড়া করেছে তা তাদের জানা নেই।

তবে ওসমানীনগর থানার তদন্ত ওসি এস এম মাহমুদুল হাসান রিপন জানিয়েছেন, মাথা ন্যাড়া করার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে ইউপি চেয়ারম্যানকেও খোঁজা হচ্ছে।

বর্তমানে অভিযুক্ত ওই দুই যুবক এলাকাছাড়া থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি এবং পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad