চুনারুঘাটে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ: দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থী ও পথচারীরা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাজী আলিম উল্লাহ আলিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) এবং বন বিভাগের আওতাধীন বেশ কিছু বিশালাকার গাছ দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে চুনারুঘাট-বাল্লা রোড থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তায় থাকা এই গাছগুলোর ডালপালা সামান্য বাতাসেই ভেঙে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন ও সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, গাছগুলো সরকারি হওয়ায় কেউ কাটতে পারছে না, আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এগুলো অপসারণে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। সওজ ও বন বিভাগকে জেলা প্রশাসন থেকে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের নির্দেশ দেওয়া হলেও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাছগুলো কাটতে বা বিক্রি করতে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা হয়েছে যা বর্তমানে প্রক্রিয়াধীন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানিয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানরা ঝুঁকিপূর্ণ গাছ শনাক্ত করে রেজুলেশনসহ দরখাস্ত পাঠালে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত কোনো দুর্ঘটনা এড়াতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গাছগুলো দ্রুত চিহ্নিত করে অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও চালকরা।
এ রহমান
মন্তব্য করুন: