জকিগঞ্জে শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো বাসন্তি পূজা
শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে জকিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তি দুর্গাপূজা।
নবমী পূজায় ভক্তদের ঢলে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী পূজা-অর্চনা, মন্ত্রপাঠ, অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ ও মহাআরতির মাধ্যমে ভক্তরা দেবীর আরাধনায় অংশ নেন। পাশাপাশি শ্রীশ্রী গীতা পাঠ ও ধামাইল গানের আয়োজন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।
ঢাক, ঢোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যা ভক্তদের মাঝে এনে দেয় গভীর আনন্দ ও উৎসবের আবহ।
বিজয়া দশমীর দিন সকালে মন্দিরে মন্দিরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় জানানো হয়। বিসর্জন শেষে ভক্তদের মাঝে আশীর্বাদের ফিতা বিতরণ করা হয় এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
নবমীর সকালে কেরাইয়া সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা মণ্ডপে কেরাইয়া ও দাউদপুর সনাতনী গীতা শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে গীতা পাঠ ও ধামাইল গান পরিবেশন করা হয়।
এছাড়া সাজাপুর দুর্গা মণ্ডপে সাবুল বিশ্বাসের দল পদ্মপুরাণ গান পরিবেশন করে।
উৎসব চলাকালীন সময়ে কেরাইয়া, মির্জারচক, তিরাশী, সাজাপুর ও নোয়াগ্রাম পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রনোজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক সীতেন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অমৃত রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাকেশ রায়
মন্তব্য করুন: