মাওলানা উবায়দুল্লাহ ফারুক
‘জকিগঞ্জ-কানাইঘাটকে ২০ বছরের সুন্দরী মেয়ের মতো সাজাবো’
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বিএনপি ও ১১ দলীয় জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক এক ব্যতিক্রমী নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার কানাইঘাট এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভা ও ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি জকিগঞ্জ ও কানাইঘাটকে ঢেলে সাজানোর ঘোষণা দেন।
খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা উবায়দুল্লাহ ফারুক তাঁর বক্তব্যে বলেন, “আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে জকিগঞ্জ ও কানাইঘাট—এই দুই উপজেলাকে ২০ বছর বয়সী সুন্দরী মেয়ের মতো করে সাজিয়ে গড়ে তুলব। অবহেলিত এই জনপদ হবে সিলেটের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন এলাকা।”
তাঁর এই উপমা ব্যবহার নিয়ে উপস্থিত জনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ভোটারদের আকর্ষণ করার একটি আলঙ্কারিক ভঙ্গি হিসেবে দেখছেন।
বক্তব্যকালে তিনি এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে বলেন, রাস্তাঘাট ও পুল-কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করতে তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন।
কানাইঘাটের এই মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে এই জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, “জনগণের অধিকার ও ইসলামের মূল্যবোধ রক্ষায় বিএনপি ও জমিয়তের এই ঐক্য ঐতিহাসিক। ইনশাআল্লাহ, সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে।”
এ রহমান
মন্তব্য করুন: