আন্তর্জাতিক কাস্টমস দিবসে আলোচনা সভা
‘সমাজ সুরক্ষায় কাস্টমসের দায়িত্ব দিন দিন বাড়ছে’
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সিলেটে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) নগরীর এয়ারপোর্ট রোডের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুশফিকুর রহমান বলেন, কাস্টমস শুধু রাজস্ব আহরণের প্রতিষ্ঠান নয়। দেশের অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্য সহজীকরণ এবং সমাজ সুরক্ষায় কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও স্বচ্ছতার মাধ্যমে কাস্টমস ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সালাত। তিনি বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) এবছরের প্রতিপাদ্য ‘Customs protecting society through vigilance and commitment’–এর তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অঞ্চলের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, কর কমিশনারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। বক্তারা অবৈধ পণ্য পাচার রোধ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং ব্যবসাবান্ধব কাস্টমস ব্যবস্থার ওপর গুরুত্ব দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ফ্রন্টলাইন বর্ডার এজেন্সি হিসেবে বাংলাদেশ কাস্টমস স্থল, সমুদ্র ও বিমানবন্দর দিয়ে বাণিজ্য সহজীকরণের পাশাপাশি মাদক, অস্ত্র, স্বর্ণ চোরাচালান ও মানিলন্ডারিং প্রতিরোধে কাজ করছে। এ ক্ষেত্রে পুলিশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে সাম্প্রতিক অর্থবছরগুলোতে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ে কাস্টমসের অবদান সম্পর্কিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পাশাপাশি সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত কাস্টমস স্টেশনের কার্যক্রম নিয়ে প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে খন্দকার নাজমুল হক বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা ও চোরাচালানকারীদের নতুন কৌশলের কারণে কাস্টমস কর্তৃপক্ষকে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদারিত্ব ও আন্তঃসংস্থার সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: