শাহজালাল (র.) মাজারে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (র.) মাজারের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে মাজার প্রাঙ্গণে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও মাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরে মাজারের ভেতরে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাজার কর্তৃপক্ষ ও পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ওই বৃদ্ধ মাজারে জিয়ারত করতে এসেছিলেন নাকি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ রহমান
মন্তব্য করুন: