জৈন্তাপুরে শিমের বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার
Led Bottom Ad

জৈন্তাপুরে শিমের বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৫/০১/২০২৬ ২০:২২:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে শিমের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর একটি দল এ অভিযান চালায়।


র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় তারা জানতে পারে, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মেঘলী এলাকায় নয়াগাঙ নদীর পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


এ তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে নয়াগাঙ নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দুটি শিমের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।


পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী শিমের বস্তা তল্লাশি করে শিম দিয়ে বেষ্টিত অবস্থায় খাকি রঙের স্কচ টেপে মোড়ানো মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


আটক ব্যক্তি মো. জয়নাল আবেদীন (৭১)। তিনি জৈন্তাপুর উপজেলার লামনীগ্রাম এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তা নিজের কাছে রেখেছিলেন।


র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad