বিশ্বনাথে ৬৫ কেজির বাগাইড়: দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা
সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে চতুর্থবারের মতো আয়োজিত মাছের মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল এক বাগাইড় মাছ। কুশিয়ারা নদী থেকে ধরা পড়া প্রায় ৬৫ কেজি ওজনের এই মাছটির দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই মেলায় ছোট-বড় নানা প্রজাতির দেশি ও সামুদ্রিক মাছের সমাহার ঘটলেও সবার নজর কেড়ে নেয় এই দানবাকৃতির বাগাইড়টি। মাছটি দেখার জন্য বাজারের পীরপুর সংলগ্ন এলাকায় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে মাছটির সঙ্গে মোবাইল ফোনে ছবি তুলতেও মেতে ওঠেন।
শেরপুর থেকে মাছটি মেলায় নিয়ে আসা ব্যবসায়ী ছয়ফুল মিয়া জানান, কুশিয়ারা নদীতে জেলেদের জালে এই বিশালাকৃতির বাগাইড়টি ধরা পড়ে। পরে তিনি মাছটি বেশি দামে বিক্রির আশায় মেলায় নিয়ে আসেন। ছয়ফুল মিয়া বলেন, “মাছটি মেলায় তোলার পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ওজন ৬০ থেকে ৬৫ কেজির মতো। আমরা ২ লাখ ৬০ হাজার টাকা দাম চেয়েছি। তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতার অপেক্ষা করছি।”
পীরের বাজারের এই মেলাটি চতুর্থ বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা জানান, সিলেটে মাছের মেলায় বড় বড় মাছ দেখার একটা ঐতিহ্য রয়েছে। তবে এত বড় বাগাইড় সচরাচর দেখা যায় না। মেলায় আসা দর্শনার্থী রুমন আহমদ বলেন, “শুনলাম পীরের বাজারে বড় মাছ উঠেছে, তাই দেখতে এলাম। এত বড় মাছ নদীতে থাকে ভাবলেই অবাক লাগে।”
বিপন্ন প্রজাতির এই বাগাইড় মাছটি শেষ পর্যন্ত কত টাকায় এবং কার ঘরে যায়—তা নিয়েই এখন পুরো বিশ্বনাথ জুড়ে কৌতূহল চলছে।
এ রহমান
মন্তব্য করুন: