‘ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে সাংবিধানিক প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করতে হবে’
Led Bottom Ad

​প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ

‘ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে সাংবিধানিক প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করতে হবে’

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০১/২০২৬ ২৩:০৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়া ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করে স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি রুখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করতে হবে।

​শনিবার (২৪ জানুয়ারি) সিলেট নগরের মাছিমপুরে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অধ্যাপক আলী রিয়াজ বলেন, “অতীতে একজন ব্যক্তি সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানকে বারবার নিজের ইচ্ছামতো সংশোধন করেছিলেন। জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার পথ তৈরি করা হয়েছিল। এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে চিরতরে বিলুপ্ত করতে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এটি কোনো একক গোষ্ঠীর এজেন্ডা নয়, বরং সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে অর্জিত একটি সনদ।”

​মুক্তিযুদ্ধ এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিয়ে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন হলে মুক্তিযুদ্ধ মুছে যাবে বা ‘বিসমিল্লাহ’ তুলে দেওয়া হবে— এমন তথ্য সম্পূর্ণ গুজব। জুলাই গণঅভ্যুত্থান মূলত '৭১-এর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অসমাপ্ত স্বপ্ন পূরণের একটি লড়াই। এই সনদ ৭১-এর চেতনাকেই সমুন্নত রাখবে।”

​সরকারি কর্মচারীদের প্রচারণা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচার করতে পারবেন না। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের নজির আছে। তাই বাংলাদেশেও তারা নির্দ্বিধায় এই জাতীয় প্রচারণায় অংশ নিতে পারবেন।”

​বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “আপনাকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ যেকোনো একটি পক্ষ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, কোন পক্ষটি বেছে নিলে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে এবং আর কোনো মায়ের বুক খালি হবে না। ফ্যাসিবাদের চক্র থেকে বের হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

​সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সভায় বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad