শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। হাইকোর্টের স্থগিতাদেশের পর ক্লাস-পরীক্ষা বর্জনের মধ্যেই শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পুনরায় বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘শাকসু নিয়ে তাল বাহানা, মানি না-মানব না’, ‘আই হ্যাভ এ প্লান, শাকসু ব্যান’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ সহ নানা প্রতিবাদী স্লোগান দেন। রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে তাদের দাবি জানাতে থাকেন।
বিক্ষোভ চলাকালে শাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, “২০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রিটের অজুহাতে তা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। হাইকোর্টের রিটকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল, প্রশাসন সেভাবে নেয়নি।” তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক পক্ষ এই নির্বাচন বানচালের চেষ্টা করছে যাতে ক্যাম্পাসে পুনরায় ‘অপরাজনীতি’ ফিরে আসে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের মাত্র একদিন আগে ১৯ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে ৪ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন। এর প্রতিবাদে ২১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, রবিবার (২৫ জানুয়ারি) হাইকোর্টে এই রিটের শুনানির কথা রয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, রায় তাদের পক্ষেই আসবে। পলাশ বখতিয়ার জানান, ক্লাস-পরীক্ষা বর্জনের ধারাবাহিকতা রক্ষা বা পরিবর্তনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: