অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় সাংবাদিক আব্দুল খালিক
Led Bottom Ad

অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় সাংবাদিক আব্দুল খালিক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২২/০১/২০২৬ ১৯:৫৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক তাপাদারকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বৃহস্পতিবার সকালে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১টায় জকিগঞ্জ থানাবাজার মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা।


আলোচনা সভায় বক্তব্য দেন মুফতি আবুল হাসান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, আনোয়ার হোসেন খান, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ, মোস্তাক আহমদ, সাংবাদিক মোর্শেদ লস্কর, ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


বক্তারা বলেন, আব্দুল খালিক তাপাদার ছিলেন একজন নির্ভীক, আদর্শবান ও মানবিক সাংবাদিক। তাঁর মৃত্যুতে জকিগঞ্জের সাংবাদিক সমাজ অপূরণীয় শূন্যতার মুখে পড়েছে। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সাংবাদিক আব্দুল খালিক তাপাদার গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বুধবার বিমানযোগে তাঁর মরদেহ দেশে আনার পর জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।


আব্দুল খালিক তাপাদার জকিগঞ্জ প্রেসক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পর ২০০৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে থাকলেও জকিগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ আজীবন অটুট ছিল।

মোর্শেদ লস্কর:

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad