সিলেটে আপিলের পর ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল বহাল
Led Bottom Ad

সিলেটে আপিলের পর ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল বহাল

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০১/২০২৬ ১৫:২৮:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি শেষে ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন। তবে আপিল শুনানি শেষে চূড়ান্তভাবে দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট জেলায় আপিলে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট-১ আসনের এনসিপি প্রার্থী এহতেশামুল হক, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজ চৌধুরী, সিলেট-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদ এবং সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।


হবিগঞ্জ জেলায় আপিলে বৈধতা ফিরে পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের জাসদ প্রার্থী কাজী তোফায়েল আহম্মেদ, হবিগঞ্জ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নোমান আহমদ সাদিক, একই আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী আফসার আহমদ। এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান এবং হবিগঞ্জ-৪ আসনের এবি পার্টির প্রার্থী মোকাম্মেল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরীর মনোনয়নও বহাল রাখা হয়। একই সঙ্গে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুখলেছুর রহমান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার আপিলে মনোনয়ন ফিরে পান। সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম ও হুসাইন আহমেদ এবং সুনামগঞ্জ-৪ আসনের এলডিপি প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাজফুজুর রহমান খালেদের মনোনয়ন বহাল থাকে। এ ছাড়া মৌলভীবাজার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নও আপিলে বৈধতা পায়।


অন্যদিকে, আপিলে যাদের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে, তারা হলেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ এবং হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন।


সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়ন ঋণ খেলাপির অভিযোগে বাতিল থাকলেও তিনি উচ্চ আদালতে রিট করলে ১৫ জানুয়ারি হাইকোর্ট তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দেন।


এদিকে, সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মোহাম্মদ কায়সার আহমদের বৈধতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেনের করা আপিল নামঞ্জুর হওয়ায় কায়সার আহমদের প্রার্থিতা বহাল থাকে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদের আপিলও নামঞ্জুর হওয়ায় আনোয়ার হোসেনের প্রার্থিতাও বহাল রয়েছে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট অঞ্চলের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই শেষে প্রাথমিকভাবে ১১০টি মনোনয়ন বৈধ এবং ৩৬টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল। আপিল নিষ্পত্তির পর সেই তালিকায় পরিবর্তন এসেছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বুধবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১২ ফেব্রুয়ারি।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad