যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত
যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে। তিনি লন্ডনে ফুড ডেলিভারি চালক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী হাফিজ সোহেল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কমার্শিয়াল রোড এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়ির দরজা হঠাৎ খুলে দেওয়া হলে শাকিল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
পরিবার ও স্বজনদের বরাতে জানা গেছে, গত বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান শাকিল। আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পেরে জীবিকার তাগিদে ফুড ডেলিভারির কাজ শুরু করেন।
হাফিজ সোহেল আহমেদ জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে পাঠানো ও জানাজা নামাজের সময় নির্ধারণ করা হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: