শাকসু নির্বাচন দাবি করায় শাবি ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার
Led Bottom Ad

শাকসু নির্বাচন দাবি করায় শাবি ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি

১৯/০১/২০২৬ ২২:০১:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।


বহিষ্কৃত নেতা হলেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাকসু নির্বাচনে স্বতন্ত্র জিএস প্রার্থী মো. জুনায়েদ হাসান।


সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


জানা গেছে, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে টানা দুই দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে একই সময়ে শাবিপ্রবিতে শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন জুনায়েদ হাসান।


গত ১৭ জানুয়ারি বিকেলে তিনি শিক্ষার্থীদের সামনে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র সংসদ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়; এটি শিক্ষার্থীদের স্বার্থরক্ষার একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। দলীয় প্রভাবমুক্ত থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।


দলীয় চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না—এমন প্রশ্নের জবাবে জুনায়েদ হাসান বলেন, যতই চাপ আসুক, তিনি ভয় পাচ্ছেন না এবং শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন। শিক্ষার্থীরাই তাঁর সিদ্ধান্তের যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad