শাকসু নির্বাচন স্থগিতের রিটকারী ভিপি প্রার্থী শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রিটকারী ওই প্রার্থীর ছবিতে জুতাপেটা ও থুথু নিক্ষেপ করেন। এ সময় তারা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মমিনুর রশিদ শুভ শাবিপ্রবির শিক্ষার্থীদের প্রায় ২৮ বছরের প্রত্যাশা ও আন্দোলনকে একক সিদ্ধান্তে ভণ্ডুল করে দিয়েছেন। তারা বলেন, শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাঠে নামার আহ্বান জানান।
শাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হোসেন বলেন,
‘শাবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন সে একদিনেই শেষ করে দিয়েছে। তাকে আর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আজ তার ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। সে ক্যাম্পাসে প্রবেশ করলে জুতার মালা পরানো হবে। আমরা তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
এদিকে নির্বাচন স্থগিতের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: