শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ
Led Bottom Ad

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০১/২০২৬ ১৮:০৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভ চলাকালেই হাইকোর্টের এক আদেশে শাকসু নির্বাচন স্থগিত হওয়ার খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শাকসু নির্বাচন স্থগিত চেয়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে এ আদেশ দেন হাইকোর্ট। এর আগে রোববার (১৮ জানুয়ারি) তিনি রিটটি দায়ের করেন।

নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পর শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং সড়ক অবরোধ অব্যাহত রাখেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু কয় তারিখ—২০ তারিখ’, ‘শহীদ রুদ্র শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’—সহ নানা স্লোগান দেন। তারা মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়েই শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।

শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, ‘আমরা আমাদের অধিকার আদায়ের জন্য একত্রিত হয়েছি। আগামীকাল নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বানচাল করতে হাইকোর্টে রিট করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভোটাধিকার রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।’

এর আগে শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি আট শিক্ষক পদত্যাগ করেন। এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচনী দায়িত্ব পালন না করার ঘোষণা দেন।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘আটজন শিক্ষক পদত্যাগের বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো আনুষ্ঠানিক নথি হাতে পাইনি। নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম আপাতত চলমান রয়েছে।’

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad