হাইকোর্টে রিট, শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনে অনিশ্চয়তা
Led Bottom Ad

ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ

হাইকোর্টে রিট, শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনে অনিশ্চয়তা

শাবিপ্রবি প্রতিনিধি

১৯/০১/২০২৬ ১৩:২৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ—শাকসু নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে তৈরি হয়েছে আইনি জটিলতা ও শিক্ষার্থী অসন্তোষ। নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়েরের পরই ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের ঘোষণায় অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘ সময় পর ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এবং প্রচার–প্রচারণাও শেষ পর্যায়ে পৌঁছায়।


এরই মধ্যে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা রয়েছে। সে নির্দেশনার আলোকে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে তিনি দাবি করেন।


রিট দায়েরের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই শাবিপ্রবি ক্যাম্পাসে প্রতিক্রিয়া শুরু হয়। বেলা ১১টার দিকে বিভিন্ন আবাসিক হল ও একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তাঁরা দ্রুত নির্বাচন আয়োজন, আইনি জটিলতা নিরসন এবং নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ জানান।


বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর শাকসু নির্বাচনের আয়োজন করা হলেও শেষ মুহূর্তে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তাঁরা এটিকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণের প্রচেষ্টা হিসেবে দেখছেন।


এদিকে শাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।


শাকসু নির্বাচনকে ঘিরে বিতর্ক এখানেই শেষ নয়। রোববার ঢাকায় নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে ‘নজিরবিহীন ও বিতর্কিত’ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।


ক্যাম্পাসে চলমান বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রশিবির–সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁরা আন্দোলনে নেমেছেন এবং আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


শাকসু নির্বাচনকে ঘিরে এই আইনি জটিলতা ও আন্দোলনের কারণে পুরো ক্যাম্পাসে অনিশ্চয়তা বিরাজ করছে। এখন সবার দৃষ্টি হাইকোর্টের সিদ্ধান্তের দিকে, যা নির্ধারণ করবে—শাকসু নির্বাচন আদৌ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে কি না।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad