তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, পোস্টার–ব্যানারে ছেয়ে গেছে সিলেট
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে জেলায় বইছে রাজনৈতিক উত্তাপ। পোস্টার, ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ে নগরী ও আশপাশের এলাকা ছেয়ে গেছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও ব্যস্ততা। এই সফর সামনে রেখে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্ট বিভক্তি আপাতত ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন দলটির নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা ও মহানগর বিএনপি সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। মনোনয়ন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও দ্বন্দ্ব থাকলেও প্রিয় নেতার সফরকে ঘিরে তা অনেকটাই প্রশমিত হয়েছে। নেতাকর্মীরা বলছেন, দলীয় ঐক্যের শক্ত বার্তা দিতে চান তাঁরা।
স্থানীয় একাধিক নেতা জানান, মনোনয়ন বঞ্চনায় ব্যক্তিগত কষ্ট থাকলেও দল ও নেতার স্বার্থে সবাই তা পেছনে রেখে মাঠে নেমেছেন। সিলেট থেকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপির চিত্র তুলে ধরাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেটে এসেছিলেন। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার যে রাজনৈতিক ঐতিহ্য গড়ে তুলেছিলেন, তা অনুসরণ করেই ২২ জানুয়ারি মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, ২২ জানুয়ারি সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় পোস্টার–ব্যানার লাগানো হয়েছে। সমাবেশে যোগ দিতে ব্যাপক মাইকিং চলছে। আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘ সময় পর সিলেটে তারেক রহমানের সমাবেশ বিএনপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয় রাখা হয়েছে।
দলীয় নেতারা মনে করছেন, সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু হওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটি তাঁর প্রথম বড় জনসভা। তাই এই সফরকে বিএনপির রাজনৈতিক পথচলায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তাঁরা।
তাহির আহমদ
মন্তব্য করুন: