জকিগঞ্জের দাউদপুরে কীর্ত্তনের দ্বিতীয় দিনে ভক্তদের ঢল,উচ্ছ্বাসে মুখরিত গ্রাম
সনাতন ধর্মাবলম্বীদের আবেগ, বিশ্বাস আর ভক্তিতে মুখরিত হয়ে উঠেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার দাউদপুর গ্রাম। গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে দাউদপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে অনুষ্ঠিত ষোল প্রহরব্যাপী বার্ষিক কীর্ত্তন উৎসবের দ্বিতীয় দিনে আজ (১৮ জানুয়ারি, রবিবার) ভক্তদের ঢল নেমেছে।
দুপুর গড়াতেই আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয় এক অনন্য ভক্তিময় তীর্থভূমিতে। হরি নামের সুরে সুরে মুখরিত চারদিক, ঢাক-করতালের তালে তালে নেচে ওঠে ভক্তদের হৃদয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা কীর্ত্তনে অংশ নিয়ে আত্মশুদ্ধির আনন্দে মেতে ওঠেন। দুপুর থেকে শুরু হয় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসাথে প্রসাদ গ্রহণ করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
উল্লেখ্য, গতকাল (১৭ জানুয়ারি, শনিবার) কীর্ত্তনের প্রথম দিনেও ছিল ভক্তদের বিপুল সমাগম। তারও আগে, গত ১৬ জানুয়ারি শুক্রবার শুভ অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ষোল প্রহরব্যাপী হরিনাম যজ্ঞ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কীর্ত্তনীয়া দলগুলো নামসুধা বিতরণ করে আশ্রম প্রাঙ্গণকে করে তোলে এক অপার্থিব ভক্তিধামে।
কীর্ত্তনের অধিবাসের দিন বিকাল ২টায় আরও এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয় দাউদপুর গ্রাম। প্রবাসী সুমন রায়ের অর্থায়নে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় দাউদপুর সনাতনী শ্রী শ্রী মদ্ভগবত গীতা শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে এই শিক্ষা কেন্দ্র ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
আগামীকাল (১৯ জানুয়ারি, সোমবার) দুপুরে দধিভাণ্ড ভঞ্জের মধ্য দিয়ে এই মহামিলন ও ভক্তির কীর্ত্তন উৎসবের সমাপ্তি ঘটবে। তবে দাউদপুরের আকাশ-বাতাসে ভক্তি, ভালোবাসা আর হরি নামের রেশ থেকে যাবে বহুদিন।
ডি আর ডি
মন্তব্য করুন: