জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
সিলেটের জকিগঞ্জে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আহমদ বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া (কবির)-এর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার সময় সড়ক পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলসহ দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়, যা পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
জকিগঞ্জ থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, জুবায়েরের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: