সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দয়ামীর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা পরিবহনের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয় এবং এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) ঘটনাস্থলের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ রহমান
মন্তব্য করুন: