ছয় কেন্দ্রে ১৭৮ বুথে হবে শাকসু নির্বাচনের ভোটগ্রহণ
Led Bottom Ad

২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন

ছয় কেন্দ্রে ১৭৮ বুথে হবে শাকসু নির্বাচনের ভোটগ্রহণ

শাবিপ্রবি প্রতিনিধি

১৬/০১/২০২৬ ২২:০০:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

তিনি জানান, শাকসু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কেন্দ্র ও বুথসংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, শিক্ষাভবন-সি, শিক্ষাভবন-ডি ও শিক্ষাভবন-ই-তে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুইটি এবং সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্র বণ্টন অনুযায়ী, বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা শিক্ষাভবন-সি, শাহপরাণ হলের ভোটাররা শিক্ষাভবন-ই এবং সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থীরা সেন্টার অব এক্সিলেন্স ভবনে ভোট প্রদান করবেন। অন্যদিকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দুইটি কেন্দ্রে এবং আয়েশা সিদ্দিকা হলের শিক্ষার্থীরা শিক্ষাভবন-ডি কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, শাহপরাণ হলে ভোটার সংখ্যা ২ হাজার ২১৬ জন, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২৫ জন, বিজয়-২৪ হলে ২ হাজার ১৭৫ জন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ১৮১ জন, ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ জন এবং আয়েশা সিদ্দিকা হলে ১ হাজার ৩৪৬ জন। সব মিলিয়ে শাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, প্রকাশিত ছয়টি কেন্দ্রেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, নতুন করে কোনো কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা নেই। মেয়েদের একটি হলের ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুইটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad