সিলেটে তারেক রহমানের আগমন: মহানগর বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর ও ২২ জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে মহানগর বিএনপি বুধবার (১৪ জানুয়ারি) নগরীর তোপখানাস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা আয়োজন করেছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “দুই দশক পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সিলেটে আসছেন। এবার তিনি আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। তাকে বরণ করতে এবং তার দিক-নির্দেশনামূলক বার্তা শুনতে সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন। আমাদের লক্ষ্য ২২ জানুয়ারির সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা।”
তিনি আরও বলেন, “সিলেটের সঙ্গে তারেক রহমানের একটি আত্মিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাই তিনি প্রচার অভিযানের শুরু হিসেবে সিলেটকে বেছে নিয়েছেন, যা আমাদের জন্য গৌরবের। অতিথিপরায়ণ হিসেবে সিলেটের খ্যাতি বিশ্বজুড়ে। সেই ঐতিহ্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে এই ঐতিহাসিক সমাবেশ সফল করতে হবে।”
সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে সমাবেশে প্রতিফলিত করতে মহানগরের ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও রহিম মল্লিক। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ভিপি মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খূর্শেদ, ফাতেমা জামান রোজি, আবুল কালাম এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির ও খসরুজ্জামান খসরু।
সভায় মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিতরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন, সমাবেশের দিন সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে।
এ রহমান
মন্তব্য করুন: