ব্যবসায়ীরা ক্ষুব্ধ ও হতাশ
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই মাস ধরে কার্গো ফ্লাইট বন্ধ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর স্বপ্ন পূরণের এক বছর না পেরোতেই চলতি কার্যক্রম থমকে গেছে। দীর্ঘ আড়াই মাস ধরে সিলেট থেকে কোনো কার্গো ফ্লাইট যাত্রা করেনি। ফলে ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছেন।
গত বছরের ২৫ এপ্রিল সিলেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করা হয়। প্রথম ফ্লাইটে ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশে যাত্রা করে একটি বিমান। সেই সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে ফ্লাইটের শুভারম্ভে অভিনন্দন জানায়। এরপর ছয় মাসে মোট ৪১টি কার্গো ফ্লাইট ইউরোপের দেশ স্পেনে পণ্য রপ্তানি করে।
তবে গত বছরের নভেম্বর থেকে এই ফ্লাইটগুলো স্থগিত হয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ফ্লাইট চালু নেই। তবে চাইলে বিদেশের আমদানিকারকরা পুনরায় প্রক্রিয়ার মাধ্যমে ফ্লাইট শুরু করতে পারবেন।
সিলেটের ব্যবসায়ীরা জানান, কার্গো ফ্লাইটের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজন ছিল প্যাকেজিং সিস্টেম ও মান যাচাইয়ের ল্যাব স্থাপন। কিন্তু সেটি এখনও বাস্তবায়ন হয়নি। ফলে শুধু তৈরি পোশাক রপ্তানি করা সম্ভব হয়েছে, সবজি ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি সম্ভব হয়নি।
যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী ও এক্সপ্রেস কার্গোর স্বত্বাধিকারী এনামূল করিম বলেন, “প্যাকেজিং সিস্টেম ও ল্যাব না থাকায় সিলেট থেকে রপ্তানি টেকসই হচ্ছে না। একমাত্র তৈরি পোশাকের ওপর নির্ভরশীল হওয়ায় ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছেন।”
সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর ফ্লাইট চালু হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। ব্যবসায়ীদের স্বপ্ন পূরণে এটি বড় প্রতিবন্ধকতা।”
ওসমানী বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, “কার্গো ফ্লাইট পরিচালনা করছিলেন যারা, তারা স্থগিত রেখেছেন। তারা স্থগিতাদেশ তুলে নিলে পুনরায় ফ্লাইট শুরু করা সম্ভব। তবে প্যাকেজিং হাউজ স্থাপন আমাদের এখতিয়ারভুক্ত নয়। ব্যবসায়ীদের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সিলেটের কার্গো ফ্লাইট টেকসই করতে হলে বিভিন্ন পণ্যের রপ্তানি ও মান যাচাইয়ের ব্যবস্থা জরুরি। শুধুমাত্র তৈরি পোশাকের ওপর নির্ভরশীল হলে দীর্ঘমেয়াদে সাফল্য সম্ভব নয়।
এ রহমান
মন্তব্য করুন: