বিজিবির অভিযান
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একাধিক ধরনের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযান মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায়—সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পানথুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কম্বল, শাড়ি, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেঁয়াজ, মেহেদি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিজিবি সূত্র জানায়, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে যাতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যায়।
এ রহমান
মন্তব্য করুন: