সিলেটে রোটাপ্লাস্ট মিশন: বিনামূল্যে ঠোঁট-কাটা ও তালু-কাটা শিশুদের সার্জারি শুরু
Led Bottom Ad

সিলেটে রোটাপ্লাস্ট মিশন: বিনামূল্যে ঠোঁট-কাটা ও তালু-কাটা শিশুদের সার্জারি শুরু

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০১/২০২৬ ১২:৫০:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু-কাটা ও আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারির কার্যক্রম শুরু হয়েছে। ‘নবম রোটাপ্লাস্ট মিশন টু সিলেট, বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত এই কার্যক্রমে রোগীদের বাছাই প্রক্রিয়া মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে ছয় বছরের মোস্তাকিমকে নিয়ে হাসপাতালে আসা রেখা বেগম জানান, “আমার ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ঠোঁট কাটা কারণে সবাই তাকে অন্যভাবে দেখে। মসজিদের হুজুরের মাধ্যমে খবর পেয়ে বিনামূল্যে অপারেশনের সুযোগ জানার পর সকাল সকাল এখানে এসেছি। এখন আশা করি ছেলে অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।”

মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ৫ মাস বয়সী তওহিদের মা রুমানা বেগম এবং জৈন্তাপুর উপজেলার ৪ বছরের আরিশা জান্নাতের মা জেবিন আক্তারও সন্তানদের সার্জারির জন্য হাসপাতালে উপস্থিত ছিলেন। তারা উভয়েই অপারেশনের মাধ্যমে সন্তানদের সুস্থ জীবনযাপনের আশা প্রকাশ করেন।

রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর বলেন, “আমরা নবম বারের মতো সিলেটে রোটাপ্লাস্ট মিশন শুরু করেছি। গত আট বছরে রোটারি ক্লাব ও যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের সহায়তায় ৮টি মিশনে প্রায় ৭০০ রোগীর বিনামূল্যে সার্জারি এবং চিকিৎসাসেবা প্রদান করেছি। আমাদের লক্ষ্য হলো শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা।”

এ কার্যক্রমের মাধ্যমে সিলেট ও পার্শ্ববর্তী জেলার শতাধিক শিশু ও ব্যথিত রোগী বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পাচ্ছেন, যা এলাকার জন্য এক বড় মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad