বিশ্বনাথে চোরাচালানের ১৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার, পালালেন চোরাকারবারি
সিলেটের বিশ্বনাথে চোরাচালানের মাধ্যমে দেশে আনা ১৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরাকারবারি হেলাল মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামে অভিযান চালিয়ে মৃত জগম্বর আলীর ছেলে হেলাল মিয়ার বসতঘর থেকে এসব কম্বল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল মিয়া (৪৬) কৌশলে পালিয়ে যান।
থানা সূত্রে জানা গেছে, হেলাল মিয়া দীর্ঘদিন ধরে চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক ও বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘরে ভারতীয় চোরাচালানের মালামাল মজুদ থাকার তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে হেলাল মিয়ার ঘর থেকে ১৬ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব কম্বল দেশে আনা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিজ বসতঘরে মজুদ করে রাখা হয়েছিল।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) অনীক বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কম্বল সংগ্রহ ও হেফাজতে রাখার অভিযোগে হেলাল মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ রহমান
মন্তব্য করুন: