সিলেটে এক বছরে ৩৫৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪
Led Bottom Ad

সিলেটে এক বছরে ৩৫৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০১/২০২৬ ১৬:১২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে গত এক বছরে ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। ২০২৫ সালে বিভাগজুড়ে ৩৫৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৬৪ জন। আহত হয়েছেন আরও ৮৭২ জন। এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল চালক ও আরোহীদের।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৮ জন এবং আহত হয়েছেন ২৯৯ জন। এর মধ্যে সিলেট–তামাবিল সড়কে ৩১টি দুর্ঘটনায় ২৯ জন, সিলেট–ভোলাগঞ্জ সড়কে ২৭টি দুর্ঘটনায় ২৭ জন এবং সিলেট–জকিগঞ্জ সড়কে ২৮টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। উপজেলাভিত্তিক হিসাবে জৈন্তাপুরে ২২টি দুর্ঘটনায় ২৩ জন, দক্ষিণ সুরমায় ২২টি দুর্ঘটনায় ২১ জন এবং জকিগঞ্জে ২১টি দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।

সুনামগঞ্জ জেলায় ৬৮টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। শান্তিগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ২১টি দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানি ঘটে।

মৌলভীবাজার জেলায় ৫৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬০ জন। এর মধ্যে কুলাউড়ায় ১২টি দুর্ঘটনায় ১৫ জন এবং শ্রীমঙ্গলে ৯টি দুর্ঘটনায় ১০ জন নিহত হন।

হবিগঞ্জ জেলায় ৭৩টি দুর্ঘটনায় ৭৯ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন। মাধবপুরে সর্বোচ্চ ২১টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩২ জন, সিএনজি ও লেগুনার চালক-যাত্রী ৬৬ জন এবং পথচারী ৮৬ জন। মুখোমুখি সংঘর্ষে ১২০টি দুর্ঘটনায় ১৩০ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে পুরুষ ২৭৩ জন, নারী ৫৪ জন এবং শিশু ৩৭ জন।

নিসচার মতে, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাব, ট্রাফিক আইন অমান্য, বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, মহাসড়কের নির্মাণ ত্রুটি এবং পথচারীদের সচেতনতার অভাবই দুর্ঘটনার প্রধান কারণ।

নিসচা সিলেট বিভাগের নেতারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad