২০ জানুয়ারি শাকসু নির্বাচন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ফিরেছে চিরচেনা প্রাণচাঞ্চল্য। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের হলপাড়া, একাডেমিক ভবন, টং দোকান ও আড্ডাস্থলগুলো পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে উঠেছে। কেউ লিফলেট বিতরণ করছেন, কেউ ছোট ছোট দলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমকেও প্রচারণার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।
প্রচারণায় প্রার্থীরা তুলে ধরছেন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার কথা। আবাসন সংকট, পরিবহন সমস্যা, ক্যাম্পাসের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন—এসব বিষয় প্রাধান্য পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতিতে।
নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে আলোচনা ও বিতর্কও বাড়ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও দায়িত্বশীল ছাত্র সংসদ গড়ে উঠবে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রার্থী নির্বাচনের বিষয়ে হুমায়রা জান্নাত নামের এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের। আমরা চাই এমন প্রার্থীরা নির্বাচিত হোক, যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কথা বলবে এবং ক্যাম্পাসে ইতিবাচক ভূমিকা রাখবে।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, শাকসু নির্বাচন খুবই সন্নিকটে। এ কারণে প্রার্থীদের মধ্যে প্রচারণার প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সবার সম্মিলিত অংশগ্রহণে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
ডি আর ডি
মন্তব্য করুন: