সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাই, ৩ জন গ্রেপ্তার
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
রোববার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত “নাঈম এন্ড হাদী” নামীয় একটি সিএনজি অটোরিকশা (রেজি. নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করা হয়। পরে অটোরিকশার মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি এলাকা থেকে সিএনজি চালক জাহিদুল ইসলাম নাজিম (২৪), ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খান (২৩) কে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি পুলিশ সদস্য সাদেকুর রহমান মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী ওই সিএনজিতে ওঠেন। নাইওরপুল এলাকার দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে তার গলায় ধরে ভয়ভীতি সৃষ্টি করে। এরপর তার প্যান্টের পকেট থেকে ছোট বোনের বিয়ের জন্য রাখা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ফয়সল আহমদ পূর্বের একটি ডাকাতি মামলার আসামি। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: