অবহেলিত জনপদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার মুফতি আবুল হাসানের
সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান অবহেলিত জনপদের মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জকিগঞ্জ পৌর শহরের খেলাফত মজলিসের দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান বলেন, “গত ৩৫ বছর ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে আমি এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার। দীর্ঘদিন ধরে জকিগঞ্জ ও কানাইঘাট জনপদ অবহেলিত ও বঞ্চিত। একজন সমাজসচেতন নাগরিক হিসেবে এ অঞ্চলের মানুষের দুর্দশা আমাকে গভীরভাবে নাড়া দেয়। এই অবহেলিত জনপদের মানুষের ন্যায্য অধিকার আদায়ে একটি শক্ত ও সোচ্চার কণ্ঠস্বর প্রয়োজন—এই উপলব্ধি থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, “৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বর্তমানে জকিগঞ্জ ও কানাইঘাটের সাধারণ মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, তাতে আমি শতভাগ আশাবাদী।”
মতবিনিময় সভায় তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও পেশাগত সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ ত্যাগ স্বীকারেরও প্রতিশ্রুতি দেন খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী।
এ রহমান
মন্তব্য করুন: