বিজিবির অভিযান
সিলেট ও সুনামগঞ্জে এক কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক চোরাচালানী অভিযান পরিচালনা করে ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭শত টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। অভিযানগুলি বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ জানুয়ারি) সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক, পান্থুমাই বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা, মদ জব্দ করা হয়। এছাড়া, বাংলাদেশ হতে পাচারকালে লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপও আটক করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আমরা সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করেছি। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিজিবি কর্মকর্তারা আরও জানান, অভিযান চলাকালীন সতর্ক নজরদারি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে চোরাচালানকারীদের কোনরূপ ছাড় দেওয়া হয়নি।
এ রহমান
মন্তব্য করুন: