ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত
Led Bottom Ad

উড়োজাহাজ সংকট

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০১/২০২৬ ০৭:২৫:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উড়োজাহাজ সংকট, আসন্ন হজ কার্যক্রম এবং বহরের রক্ষণাবেক্ষণের প্রয়োজনের কথা উল্লেখ করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার ও ম্যানচেস্টার–সিলেট–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (৪ জানুয়ারি) জাতীয় পতাকাবাহী সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সার্বিক পরিচালন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, একাধিক উড়োজাহাজ দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে যাওয়ার পাশাপাশি আসন্ন হজ ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত উড়োজাহাজ বরাদ্দের প্রয়োজন হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত থাকবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বিমান। এর মধ্যে ঢাকা–সিলেট–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ভ্রমণ ব্যবস্থা, ফ্লাইটের তারিখ পরিবর্তন এবং টিকিট ফেরতের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে।

এ বিষয়ে সহায়তার জন্য যাত্রীদের ঢাকা ও লন্ডনে বিমানের বিক্রয় কার্যালয়, কল সেন্টার অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad