সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন আবুল হোসেন
দক্ষিণ এশিয়ার মানবাধিকার অঙ্গনে নতুন একটি সংযোজন ঘটেছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (SAARC Human Rights Foundation) ২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাদের কেন্দ্রীয় অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করেছে। নবগঠিত এই পরিষদে উপদেষ্টা (অ্যাডভাইজার) হিসেবে মনোনীত হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর মো. নজির মিয়ার নির্দেশনা ও অনুমোদনক্রমে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
আবুল হোসেন ইংল্যান্ডের সুপরিচিত ব্যবসায়ী এবং জনপ্রিয় ব্র্যান্ড ‘আবুল’স স্পাইস’-এর প্রতিষ্ঠাতা। তিনি একজন পুরস্কারপ্রাপ্ত রেস্তোরাঁ উদ্যোক্তা, ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত। ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ডে তিনি একজন পরিচিত কমিউনিটি নেতা।
সংশ্লিষ্টরা মনে করছেন, মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন দেওয়া হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আশা করছে, আবুল হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করবে এবং দক্ষিণ এশিয়ায় মানবাধিকার সুরক্ষায় নতুন গতি সঞ্চার করবে।
এই মনোনয়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডি আর ডি
মন্তব্য করুন: