সিলেট প্রেসক্লাবে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা
পরাজিত শক্তিকে মোকাবিলায় প্রস্তুত থাকার আহবান উপদেষ্টা রিজওয়ানা হাসানের
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরাজিত শক্তি এখনও সক্রিয় থাকলেও তাদের শক্তি অভ্যুত্থানকারী শক্তির তুলনায় অনেক কম। আগামী নির্বাচনে এসব শক্তিকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব ফারজানা মাহবুব, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
রিজওয়ানা হাসান বলেন, সব প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনাও পরাজিত শক্তির অপতৎপরতার অংশ। এসব অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
এ রহমান
মন্তব্য করুন: