সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
Led Bottom Ad

সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০১/২০২৬ ১২:৪৬:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর তিনি সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী মাঠে নামবেন।

সূত্র অনুযায়ী, তারেক রহমান তার প্রয়াত মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ অনুসরণ করে সিলেটের দুই আউলিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করতে চান। মাজার জিয়ারত শেষে তিনি বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার ইন্তেকালের পর তারেক রহমানের এই কর্মসূচি কেবল নির্বাচনী প্রচারণার সূচনা নয়, বরং শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনৈতিক বার্তাও বহন করবে। সিলেট থেকেই সেই বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চায় দলটি।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান বলেন, “সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে তারেক রহমানও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।” তিনি জানান, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগেই এই সফর শুরু হতে পারে।

দলীয় সূত্র আরও জানায়, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়ায় যেতে পারেন। আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad