বিশ্বনাথে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বসতঘর থেকে লায়েক আলী (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লায়েক আলী ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে দীর্ঘ সময় কক্ষের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে তাঁকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা–পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।
ডি আর ডি
মন্তব্য করুন: