তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শন
সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ তথ্য সচিবের
গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।
গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল জানান, ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে।
পরিদর্শনকালে তথ্য সচিব বলেন, রাষ্ট্রের পক্ষে বারবার ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। তাই প্রতিটি অর্থ যথাযথভাবে, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে। সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবন নির্মাণে ‘সিসমিক ডিজাইন’ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি টিলাগড়ে অবস্থিত বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতিও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ ও মাহফুজা আখতার, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: