সিলেটে পাঠ্যবই পৌঁছাতে এসে দুর্ঘটনার কবলে ট্রাক
Led Bottom Ad

সিলেটে পাঠ্যবই পৌঁছাতে এসে দুর্ঘটনার কবলে ট্রাক

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০১/২০২৬ ১৪:২১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই নিয়ে আসা একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের গেট দিয়ে প্রবেশের ঠিক আগমুহূর্তে ট্রাকটির পেছনের চাকা ড্রেনের ওপর থাকা একটি স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায়। এতে গাড়িটি হেলে পড়ে এবং চলাচল বন্ধ হয়ে যায়।


ট্রাকচালক নিজাম বলেন, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের পাঠ্যবই নিয়ে সিলেটে এসেছিলেন। ট্রাকে প্রায় ১৬ টন বই ছিল। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ট্রাকটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


এদিকে অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সামনের ড্রেনেজ ব্যবস্থার স্ল্যাবগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগেও সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার জানানো হলেও স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তর যথাযথ উদ্যোগ নেয়নি বলে দাবি তাদের।


অভিভাবকদের একজন বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এতদিন ধরে ঝুঁকিপূর্ণ স্ল্যাবগুলো সংস্কার না করায় আজ এ দুর্ঘটনা ঘটেছে।”


এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ড্রেনের স্ল্যাবগুলোর অবস্থা সম্পর্কে তারা অবগত রয়েছেন। দ্রুত সংস্কারের জন্য সিলেট সিটি করপোরেশনকে লিখিতভাবে জানানো হবে বলে আশ্বাস দেন তারা।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad