নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের আনন্দে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত সিলেটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই স্কুলমুখী হয়ে রঙিন মলাটের নতুন বই বুকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তাদের। কেউ বইয়ের পাতা উল্টে দেখছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছে নতুন বছরের প্রথম দিনের আনন্দ।
সিলেট নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমতে শুরু করে। বিদ্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে নতুন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দেন নতুন পাঠ্যবই।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলার প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৬ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৮ লাখ ৮৫ হাজার ২৩টি বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২ লাখ ২৫ হাজার, প্রথম শ্রেণিতে ২ লাখ ৯৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৯০ হাজার, তৃতীয় শ্রেণিতে ২ লাখ ৭০ হাজার, চতুর্থ শ্রেণিতে ২ লাখ ৮০ হাজার এবং পঞ্চম শ্রেণিতে ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক আবু সায়ীদ মো. আব্দুল ওয়াদুদ জানান, “এ বছর কোনো আনুষ্ঠানিক বই উৎসব হচ্ছে না। নিজ নিজ বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, সিলেট বিভাগের সাড়ে ১৬ লাখ প্রাথমিক শিক্ষার্থীর জন্য নির্ধারিত ৫৮ লাখ ৮৫ হাজার ২৩টি বইয়ের শতভাগই ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলায় পৌঁছে গেছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৮ লাখ ১২ হাজার ২৪৪টি এবং ইংরেজি ভার্সনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৭২ হাজার ৭৭৯টি বই রয়েছে।
তবে মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ে বই সরবরাহে ঘাটতি রয়েছে। সিলেট বিভাগের এসব পর্যায়ের ১২ লাখের বেশি শিক্ষার্থীর জন্য ১ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৮১৯টি বইয়ের চাহিদা থাকলেও এ পর্যন্ত পৌঁছেছে ৯৬ লাখ ৮৫ হাজার ১১৬টি বই—যা মোট চাহিদার প্রায় ৬৯ শতাংশ।
এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ৮৫ লাখ ৬৪ হাজার ১৬৭টি বইয়ের বিপরীতে সরবরাহ হয়েছে ৫৪ লাখ ৯৬ হাজার ১০৯টি। মাদ্রাসার ৪৪ লাখ ৩২ হাজার ৪৭০টি বইয়ের বিপরীতে পৌঁছেছে ৪০ লাখ ৪০ হাজার ৭১৯টি এবং ভোকেশনালের ২ লাখ ৩০ হাজার ১৮২টি বইয়ের বিপরীতে পাওয়া গেছে ১ লাখ ৪৫ হাজার ২৯৮টি বই। ফলে সিলেট অঞ্চলের প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থী আপাতত সব বই না পাওয়ার আশঙ্কায় রয়েছে।
উপশহরের নবম শ্রেণির শিক্ষার্থী জাবির হক বলেন, “নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। বাসায় গিয়েই সব বই পড়ে দেখব।”
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, “এ বছর কোনো বই উৎসব আয়োজন করা হয়নি। তবে ১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: