বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাবকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফ উল্লাহ সিতাব উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রফাত উল্লাহর পুত্র। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী নিখোঁজ হন। এর প্রতিবাদে ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ব্যাপক সংঘর্ষ ও রণক্ষেত্রের সৃষ্টি হয়। ওই ঘটনার দীর্ঘ ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করা হয়। রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে দায়ের করা এই মামলায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফ উল্লাহ সিতাব এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
ডি আর ডি
মন্তব্য করুন: