সিলেটে বিএনপির ৮ নেতা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী
Led Bottom Ad

১৯ আসনে ১৮৫ প্রার্থীর মনোনয়ন

সিলেটে বিএনপির ৮ নেতা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/১২/২০২৫ ১৬:২৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে সোমবার। সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ১৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ৮ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।


সিলেট জেলায় একমাত্র বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ। তিনি চাকসু মামুন নামে পরিচিত। সিলেট–৫ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সিলেট–৫ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিএনপি এ আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে। এখানে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক দলীয় প্রার্থী। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মামুনুর রশীদকে মঙ্গলবার বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।


মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির দলীয় প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। একই আসনে শ্রীমঙ্গল পৌরসভার চেয়ারম্যান মো. মহসিন মিয়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছেন।


সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।


সুনামগঞ্জ–৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদ।


সুনামগঞ্জ–৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।


হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।


দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সিলেট বিভাগের বিভিন্ন আসনে বিএনপির নির্বাচনী কৌশল ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad