সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে এই জানাজা অনুষ্ঠিত হয়।
একই সময়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে লাখো মানুষ অংশ নেন। ঢাকার জানাজার সঙ্গে সময় মিলিয়ে সিলেটেও গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততার মধ্যেও বেশ কয়েকজন ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল ও ক্রীড়া সাংবাদিক অংশ নেন।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে দেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং খেলাটির বিস্তারে সহায়ক পরিবেশ তৈরি হয়।
শোকবার্তায় বিসিবি জানায়, এই দুঃসময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুমার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।
ডি আর ডি
মন্তব্য করুন: