২০২৫ সালে সিলেটের আলোচিত ঘটনা
সাদাপাথর লুটে দেশজুড়ে তোলপাড়: ৩০ লাখ টন পাথর উদ্ধার, গ্রেপ্তার ৪৩
২০২৫ সালের ৯ ও ১০ আগস্ট সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সংঘটিত পাথর লুটের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দেশব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই লুটের দৃশ্য জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর দেড় বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন পাথর কোয়ারি থেকে হাজার কোটি টাকার পাথর লুট হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে সাদাপাথর পর্যটনকেন্দ্রে কথিত শ্রমিকদের দলবদ্ধ লুটের ঘটনায় রাষ্ট্রযন্ত্র নড়েচড়ে বসে। মাত্র ২০ দিনের মধ্যে প্রায় ৩০ লাখ টন পাথর উদ্ধার করা হয় এবং দেড় মাসে তা প্রতিস্থাপন করে আগের পরিবেশ ফিরিয়ে আনা হয়।
পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ শ্রমিক ও ব্যবসায়ীরা গ্রেপ্তার হন। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনসহ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে তালিকা প্রস্তুত করে। দুদক সিলেট মহানগর বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ ছয় নেতাসহ ৪২ জনের তালিকা করে। জেলা প্রশাসন করে ১৩৭ জনের তালিকা। দুদকের তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে।
স্থানীয়দের দাবি অনুযায়ী, ৫ থেকে ৭ আগস্ট সাদাপাথর এলাকা থেকে প্রায় ২০০ কোটি টাকার পাথর লুট হয়। আর ৯ ও ১০ আগস্ট দুই দিনে লুট হয় আনুমানিক ৫ থেকে ৬ কোটি টাকার পাথর। এর পরই স্টোন ক্রাশার মিলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।
১৫ অক্টোবর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) যুগ্ম পরিচালক হাবিবুর রহমান কোম্পানীগঞ্জ থানায় দেড় হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশে ২০ আগস্ট জড়িতদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসন। চলতি বছরের শেষ দিন পর্যন্ত অন্তত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ২০২৫ সালে সিলেটে আরও কয়েকটি আলোচিত ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে ১৪ জুন জাফলং পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ, আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন ও পলায়ন এবং আদালতপাড়ায় একাধিক হামলার ঘটনা।
এ রহমান
মন্তব্য করুন: