সাংবাদিক এখলাছুর রহমানের নামে মিথ্যা তথ্য প্রচার, নিরাপত্তাহীনতায় জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সিলেটের জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. এখলাছুর রহমান (৫৫)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি থানায় এ জিডি করেন। থানাসূত্রে জানা গেছে, জিডিটি নং–১২১২ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট খেলোয়াড়দের আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক এখলাছুর রহমান। সেখানে জকিগঞ্জ থানার এসআই মোরশেদ আলমের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে একটি স্থিরচিত্র তোলা হয়, যা তিনি পরবর্তীতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।
এরপর “দৈনিক ব্রেকিং নিউজ” নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ছবি ব্যবহার করে সাংবাদিক এখলাছুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ‘বিপুল অর্থের বিনিময়ে মুক্তি’—এমন শিরোনামে একটি বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়। পোস্টে দাবি করা হয়, তাকে থানায় নেওয়ার পর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে “বিস্তারিত আসছে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ পত্রিকায়”—এমন কথাও উল্লেখ করা হয়।
জিডিতে সাংবাদিক এখলাছুর রহমান বলেন, এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য তার ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও পেশাগত পরিচিতিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি এতে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব কারণে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
জকিগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ রহমান
মন্তব্য করুন: