জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ধসে শ্রমিক নিহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে জাফলং চা-বাগান সংলগ্ন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বাচ্চু মিয়া (৫০) গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন শ্রমিক নদীর তীর থেকে বালু উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ করে বালু ও মাটির বড় একটি অংশ ধসে পড়ে শ্রমিকদের ওপর। অন্যরা দ্রুত সরে যেতে পারলেও বাচ্চু মিয়া মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ রহমান
মন্তব্য করুন: